কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে তিনটি বসত ঘর ভেঙে কর্ণফুলী নদীতে পড়েছে। বৃহষ্পতিবার উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার ঢাকাইয়া কলোনীর লকগেইট এলাকায় এ ঘটনা ঘটে। পাহাড় ধসের ফলে স্থানীয় মো. ফরিদ হোসেন, মামুন ও নবী হোসেনের তিনটি ঘর ভেঙে নদীতে পড়ে। এই ঘটনায় নবী হোসেন সামান্য আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ঢাকাইয়া কলোনি পুরোটাই অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে চলে যাবার জন্য উপজেলা প্রশাসন থেকে বারবার অনুরোধ করা হলেও কেউ এখান থেকে সরে যায়নি। বর্তমানে ঢাকাইয়া কলোনিতে আরো পাঁচ শতাধিক পরিবার চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তাদের ঘরবাড়িও যে কোন মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।
