ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে ছাত্রের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৩৮

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার ইসলামপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে পানিতে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার বীর উত্তম খালেদ মোশারফ সেতু এলাকায় হাসানুল ইসলাম সিয়াম (২৩) নামের ঐ ছাত্র তার বন্ধুদের সঙ্গে গোসলে নামলে নদে নিখোঁজ হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা রাত ৯টায় তার লাশ উদ্ধার করে। জানা যায়, হাসানুল ইসলাম সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী। তিনি ইসলামপুর পৌরসভার কিংজাল্লা গ্রামের বাসিন্দা এবং ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. উমর আলীর ছেলে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, ইসলামপুর হাসপাতালের চিকিত্সক ঢাবি. ছাত্রকে মৃত ঘোষণা করার পর স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে।