মঠবাড়িয়ায় সুন্দরবনের বিপন্ন প্রজাতির অজগর উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৩৯

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় গ্রামবাসী সুন্দরবনের বিপন্ন প্রজাতির একটি অজগর উদ্ধার করেছে। শুক্রবার সকালে উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের কৃষক মো. সফিজ উদ্দিন হাওলাদারের বাড়ির মুরগীর খোপ থেকে গ্রামবাসী এটি উদ্ধার করে।

বেতমোর ইউপি সদস্য মো. শাহ আলম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের বিপন্ন প্রজাতির অজগরটি স্থানীয় উলুবাড়িয়া গ্রামের কৃষক সফিজ উদ্দিনের মুরগির বাচ্চা খেতে বৃহষ্পতিবার রাতে খোপে ঢুকে পড়ে। পরদিন সকালে পরিবারের এক শিশু হাঁস-মুরগির খোপ খুলতে গেলে অজগরটি দেখে চিত্কার দেয়। পরে গ্রামবাসী মিলে সেটি আটক করে। আট হাত লম্বা আটক অজগরটির ওজন আনুমানিক ২৫ কেজি। পরে অজগরটি ঐ গ্রামের ইব্রাহিম হাওলাদারের জিম্মায় রেখে বন বিভাগে খবর পাঠানো হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশনের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিপন্ন প্রজাতির অজগরটি জীবিত উদ্ধারের জন্য সুন্দরবনের বগী থেকে বনরক্ষীদের পাঠানো হয়েছে। পরে সেটি সুন্দরবনের গহিনে অবমুক্ত করা হবে।