চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরে ড্রেজার ব্যবসায়ী রেহান উদ্দিন হত্যামামলার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মিলন মাহমুদ। হত্যাকাণ্ডে জড়িত খোরশেদ আলম নামের এক যুবককে বুধবার বিকালে শহরের প্রফেসরপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহষ্পতিবার শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় রেললাইনের পাশ থেকে মৃতের ব্যবহূত লুঙ্গি, গেঞ্জিসহ তাস, সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, রেহান উদ্দিন মূলত জুয়ায় আসক্ত ছিলেন। তিনি ও ঘাতক খোরশেদ আলম পূর্বপরিচিত ছিলেন। তারা একত্রে জুয়া খেলতেন। হত্যাকাণ্ডের আগে জুয়া খেলায় খোরশেদ আলম তার গরু বিক্রির ৬৫ হাজার টাকা হেরে যান রেহান উদ্দিনের কাছে। এরপর থেকেই খোরশেদ ক্ষুব্ধ হন এবং তখনই রেহান উদ্দিনকে মারার পরিকল্পনা করেন। ঘটনার দিন বিকালে তারা দুই জন রেহান উদ্দিনের খালি বাসায় জুয়া খেলতে বসেন। এক পর্যায়ে খোরশেদ ঝগড়া শুরু হলে ঘরে থাকা বটি, দা দিয়ে কুপিয়ে রেহানকে হত্যা করেন। পরে তার রক্তমাখা জামাকাপড় ও জুয়া খেলার তাস ট্রেন লাইনের পাশের জঙ্গলে ফেলে পালিয়ে যান। খোরশেদ আলম হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গত ২৩ জুন রেহান উদ্দিনকে হত্যা করা হয়। পরদিন বিকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
