তানোরে স্বাস্থ্যবিধি না মানায় সাত জনকে জরিমানা

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৪০

তানোর (রাজশাহী) সংবাদদাতা

তানোরে স্বাস্থ্যবিধি না মানায় সাত জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের গোল্লাপাড়াহাট ও কালীগঞ্জহাট কাঁচাবাজারে মাস্ক না পরায় ও নিরাপদ দূরত্ব রেখে বেচাকেনা না করার দায়ে সাত বিক্রেতাকে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ। এ সময় অসহায় কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা প্রদান করেন তিনি।

রাণীনগরে বিধিনিষেধ অমান্য

করায় ৩০ মামলা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, কঠোর লকডাউনে নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে আটটি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে ৬৬ জন সদস্য রয়েছে। এ ছাড়াও রোভার ও স্কাউট মিলে আটটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে ৪০ জন করে সদস্য রয়েছে। গত বৃহষ্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় কঠোর বিধিনিষেধ অমান্য করায় ব্যক্তি, বিপণিবিতান ও প্রতিষ্ঠানকে ৩০টি মামলার মাধ্যমে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। তবে কাউকে জেল প্রদান করা হয়নি।