বড়াইগ্রামে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামে বাড়ি সংলগ্ন খালের পানিতে ডুবে সীমান্ত কুমার মণ্ডল (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সীমান্ত মণ্ডল কুমরুল গ্রামের বিকাশ মণ্ডল ভোলার ছেলে। জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, শিশুটি ঘরের বারান্দায় খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের খালে তার অচেতন দেহ ভাসতে দেখেন। পরে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিত্সকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লকডাউন কার্যকরে মাঠে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা মানিকছড়িতে করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট সোসাইটি। মাইকিং, মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করে যাচ্ছেন যুব সদস্যরা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকছড়ি ইউনিটের যুব প্রধান আশরাফুল আলম বলেন, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের যুব সদস্যরা করোনার শুরু থেকে জনগণকে করোনা থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।
ত্রাণ পেয়ে স্বস্তি তেঁতুলিয়ার কর্মহীন মানুষের
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা তেঁতুলিয়ায় করোনায় কর্মহীন মানুষেরা ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। শুক্রবার কালের কণ্ঠ শুভসংঘের খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেন কামিনী রায়, আমেনা বেগম, জরিনা খাতুনসহ অনেকে। উপজেলা অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় উপজেলার কয়েক শ কর্মহীন মানুষকে এ ত্রাণ দেওয়া হয়।
রাজশাহীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর হেতেমখাঁ বড় মসজিদ চত্বরে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. আব্দুস সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
৯৪ মসজিদে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা পৌরসভার ৯৪টি মসজিদে শুক্রবার বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম জুমার নামাজের সময় উপজেলা পরিষদ জামে মসজিদের ইমামের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিয়ে এর উদ্বোধন করেন। উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কুদ্দুস এ সময় মেয়রকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।
কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় বৃহষ্পতিবার দিনব্যাপী কৃষকদের মধ্যে বিনা মূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ও হাইব্রিড ধান উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এগুলো বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
করোনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ অভিযান
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয় দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ওসি বজলুর রহমান প্রমুখ।
বিনা মূল্যে সার-বীজ পেলেন ১২০ কৃষক
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা শিবগঞ্জে শুক্রবার বিনা মূল্যে সার ও বীজ পেয়েছেন ১২০ জন কৃষক। ২০২০-২১ অর্থবছরের খরিফ-২ মৌসুমে উফশী ও হাইব্রিড আমন ধান ফসলের আবাদ এবং উত্পাদন বৃদ্ধির জন্য শিবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার আওতায় এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলরুমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি।
০০০
