দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় কাজ শুরু করেছে নৌবাহিনীর কন্টিনজেন্টসমূহ। ইতিমধ্যে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চল থেকে ২৩ জন কর্মকর্তাসহ ১৯৬ জন নৌ সদস্যের আটটি কনটিনজেন্ট সমুদ্র ও উপকূলীয় এলাকাসমূহে টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রাম নৌ অঞ্চল থেকে ১২ জন কর্মকর্তাসহ ১০৮ নৌ সদস্যের ছয়টি কনটিনজেন্ট ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে।
অন্যদিকে খুলনা নৌ অঞ্চল থেকে ১১ জন কর্মকর্তাসহ ৮৮ জন নৌ সদস্যের দুটি কন্টিনজেন্ট মোংলা, বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী উপজেলায় কাজ করছে। অসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।
সমুদ্র ও উপকূলীয় এসব এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সব কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে নৌ সদস্যরা। এছাড়া যে কোনো প্রয়োজনে সার্বিক সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী। —আইএসপিআর
