কোপা আমেরিকায় আজ ভোরেই ব্রাজিল-চিলির ম্যাচ

আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৪৭

স্পোর্টস ডেস্ক

যেভাবে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে এই আবহওয়ায় সাত সকালে ঘুম হতে উঠে টিভির পর্দায় চোখ রাখা কঠিন। সকালে ঘুম হতে ওঠার আগেই অনেকেই আজ ভোরে ৬টায় কোপা আমেরিকার খেলায় ব্রাজিল-চিলি ম্যাচ পাবেন কি না শংকা রয়েছে। ম্যাচ না পেলেও ম্যাচের গন্ধ থেকে যাবে অনেকটা সময়। ব্রাজিলের ম্যাচ বলে কথা। নেইমারেদের লড়াই। ১৯৬২ সালের ১৩ জুন। ন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি আয়োজক দেশ চিলি। গ্যারিঞ্চার জোড়া গোলের সুবাদে ৪-২ ব্যবধানে ম্যাচ জেতে ব্রাজিল। এই ‘ফ্লাইংবার্ড’ তারপর এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘লাতিন আমেরিকার অনেক দেশ এখন ইউরোপিয়ানদের অনুকরণ করছে। কিন্তু ব্রাজিল সে বান্দা নয়। ফুটবল আমাদের ধর্ম। দর্শককে আনন্দ দিতে না পারলে কোনো জয়ই সম্পূর্ণ নয়।’

পেরিয়ে গিয়েছে ৫৯ বছর। উত্থান-পতনের মধ্যে দিয়ে স্বাভাবিক ছন্দে এগিয়ে চলেছে ‘জোগো বোনিতো’। বাংলায় যার অর্থ দৃষ্টিনন্দন ফুটবল। তাই ব্রাজিলে এখনো পূজিত হন তেলে সান্তানা, মারিও জাগালোরা। আর সেবাস্তিয়ান লাজারোনি, কার্লোস দুঙ্গারা সমালোচিত। সাম্বা সমর্থকরা অবশ্যই মাতৃভূমির জয় দেখতে চান। তবে বিরক্তিকর, রক্ষণ নির্ভর ফুটবল তাদের অপছন্দ। 

চলতি কোপা আমেরিকায় এখনো পর্যন্ত অপরাজিত তিতের প্রশিক্ষণাধীন ব্রাজিল। গ্রুপ পর্বের চারটি ম্যাচে ফারমিনোদের গোলসংখ্যা ১০। ব্রাজিলের জালে বল জড়িয়েছে মাত্র দুবার। তার পরও মন ভরাতে ব্যর্থ নেইমাররা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে সমর্থকদের ক্ষোভ তাই স্পষ্ট দেখা যাচ্ছে। তবে তা নিয়ে ভাবতে নারাজ কোচ তিতে। তার প্রথম ও প্রধান লক্ষ্য, দেশের মাটিতে টানা দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়া। তবে তার আগে ব্রাজিলকে পেরোতে হবে আরো দুটি বাধা। আজ শনিবার বাংলাদেশ সময় ভোরে কোয়ার্টার-ফাইনালে চিলির মুখোমুখি হচ্ছেন নেইমাররা। কোনো সন্দেহ নেই যে, আর্তুরো ভিদালরা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন কাসেমিরোদের।

ভারসাম্যের নিরিখে চিলি থেকে এগিয়ে ব্রাজিল। হেড টু হেডেও এগিয়ে সেলেসাওরা। অতীতে মোট ৭২ বার এই দুই দল মুখোমুখি হয়েছে। ব্রাজিল ৫১ বার জিতেছে। আর চিলি ১৩ বার। তবে কোপাতে জ্বলে ওঠার পুরনো অভ্যাস রয়েছে মার্টিন লাসারতের দলে। পিনারেস, ভার্গাসের মতো তারকার পাশাপাশি অভিজ্ঞ ভিদাল ভরসা জোগাচ্ছেন চিলিকে। চোট সারিয়ে ফিরেছেন অ্যালেক্সি স্যাঞ্চেজও। তাই যথেষ্ট সতর্ক ব্রাজিল কোচ। তিতে বলেন, ‘অ্যাটাক ও ডিফেন্সের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। চিলি কঠিন প্রতিপক্ষ। তাই এই ম্যাচে ভুলের কোনো জায়গা নেই।’ অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার কথায়, প্রয়োজনে ডিফেন্ডারদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে মিডফিল্ডার ও অ্যাটাকারদের। বক্স কিংবা বক্সের বাইরে থেকে চকিত শট নেওয়া চিলিয়ানদের অভ্যাস। তবে আমরাও প্রস্তুত।’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে নেইমারদের বসিয়ে রিজার্ভ বেঞ্চকে সুযোগ দিয়েছিলেন তিতে। ম্যাচটি ড্র হয়।