চলতি লকডাউনের মধ্যেই বন্যার আশঙ্কা

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৪৯

গত কিছু দিন ধরে দেশেই একটানা বৃষ্টি ঝরছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বেড়েছে নদনদীর পানির উচ্চতা। এর ফলে এক সপ্তাহের মধ্যে বন্যা কবলিত হতে পারে দেশের ২০ থেকে ২৫ জেলার নিম্নাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ খবর জানিয়েছে। 

মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের কয়েক জেলার কয়েকশ গ্রাম প্লাবিত হয়েছে। এ বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে এসব জেলায় বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

No description available.

শুক্রবার (২ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বার্তায়  বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের, সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের নানা জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এর ফলে এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকা ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

No description available.

বৃষ্টিপাতে নদনদীর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনার পানি আগামী ৭২ ঘণ্টা ও পদ্মার পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বাড়বে। অন্যদিকে সুরমা ব্যতিত উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বাড়বে।

এদিকে সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন মানুষ।

No description available.

কুড়িগ্রাম: উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে এদের অববাহিকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে কিংবা দ্বিতীয় সপ্তাহে ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

সিলেট: কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী উপজেলার নিম্নাঞ্চল গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ।

No description available.

ফেনী: অতিবৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙ্গে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

ময়মনসিংহ: পাহাড়ি ঢলে নেতাই ও বোরাঘাট নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। 


ইত্তেফাক/এনএ