ইত্তেফাক ডেস্ক
চীনের একদলীয় শাসন ব্যবস্থার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ক্ষেত্রে চীন সরকার যে নীতি পালন করছে তাকেও সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। খবর আলজাজিরার
প্রধানমন্ত্রী ইমরান খান গণতন্ত্রের চেয়ে সমাজের জন্য চীনের একদলীয় শাসন ব্যবস্থাই উত্তম বলে অভিহিত করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামাবাদ সফরে আসা একদল গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে বৃহস্পতিবার আলোচনার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, পশ্চিমা সরকার এবং পশ্চিমা মিডিয়ার মাধ্যমে আমরা জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিষয়ে যা শুনছি বাস্তবে তা সম্পূর্ণ ভিন্ন। ইমরান খান বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের শক্তিশালী সম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে আমাদের বিশ্বস্ততার সম্পর্ক রয়েছে। তাই জিনজিয়াংয়ে তাদের নীতিকে আমরা গ্রহণ করছি।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, এখন পর্যন্ত আমাদেরকে বলা হয়, সমাজের উন্নতির জন্য পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক মডেলই উপযোগী। কিন্তু চীনের কমিউনিস্ট পার্টির মডেল একক। পশ্চিমা মডেলের গণতন্ত্রকে পরাস্ত করে সমাজের উন্নতিসাধন করতে সক্ষম হয়েছে সিপিসির মডেল। তিনি বলেন, আমাদের এখনো বলা হচ্ছে, মেধার ভিত্তিতে নেতৃত্ব পাওয়ার প্রধান উপায় গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এর মাধ্যমেই নেতৃত্বকে জবাবদিহিতার আওতায় আনা যায়। কিন্তু সিপিসি এর চেয়েও অনেক ভালো উদাহরণ সৃষ্টি করেছে।
