ইত্তেফাক রিপোর্ট
হাসপাতালের প্রিজন সেলে বসেই ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জুম মিটিংয়ে অংশ নেওয়ার ঘটনায় ১৭ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে গত দুই মাসে বিভিন্ন সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে দায়িত্ব পালনকারী চার জন প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে সাত জন সহকারী কারারক্ষী ও ছয় জন সাধারণ কারারক্ষীর বিরুদ্ধে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করে কারা অধিদপ্তর। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) তৌহিদুল ইসলামকে প্রধান করে গঠিত এ কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে জড়িত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।
কারা সূত্র জানায়, দুই মাস আগে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন ডেসটিনি-২০০০ লিমিটেডের কারাবন্দি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। গত মে ও জুনে তিনি হাসপাতালে বসে মোবাইল ফোন ও জুম প্ল্যাটফরমের মাধ্যমে অনলাইন মিটিংয়ে অংশ নেন।
এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার বোস বলেন, বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আমাদের নজরে আসে। ঐ সময়ে হাসপাতালে কর্তব্যরত কারারক্ষীদের দায়িত্বে অবহেলার জন্য ১৭ জন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএসএমএমইউ প্রিজন সেলে দায়িত্ব পালনকারী চার জন প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন ইউনুস আলী মোল্লা, বদিউজ্জামান, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন। বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে সহকারী কারারক্ষী জসীম উদ্দিন, সাইদুল হক খান, বিল্লাল হোসেন, ইব্রাহিম খলিল, বরকত উল্লাহ, এনামুল হক ও সরোয়ার হোসেন, সাধারণ কারারক্ষী মোজাম্মেল হক, জাহিদুল ইসলাম, আমির হোসেন, কামরুল ইসলাম, শাকিল মিয়া ও আব্দুল আলীমের বিরুদ্ধে। যদি আরো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারাগারের একটি সূত্র জানিয়েছে, বিএসএমএমইউর প্রিজন সেলে অবস্থানকারী ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে কারাগারে ফেরত নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে এক কর্মকর্তা বলেন, শনিবার এ ব্যাপারে বিএসএমএমইউ কর্তৃপক্ষ অনুমতি দিলে তাকে কারাগারে আনা হবে।
বিএসএমএমইউর প্রিজন সেলে বন্দি ডেসটিনির রফিকুল আমীনের দায়িত্বে থাকা প্রধান কারারক্ষী আবদুস সালামসহ আট কারারক্ষীকে প্রত্যাহার করার কথা গত বৃহস্পতিবার রাতে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। শুক্রবার প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করে ১৭ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
