শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর টেস্টে ফেরেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। টেস্টে দারুণ পারফর্ম করে টিম ম্যানেজমেন্টের আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি। ফলে জিম্বাবুয়ে সিরিজেও থাকছেন এই পেসার। যদিও এখনই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তাসকিন। বললেন, এখনো উন্নতির অনেক সুযোগ আছে।
তিনি বলেন, ‘আমি এখনও পুরোপুরি সন্তুষ্ট নই। নিজের ইম্প্রুভমেন্টের জন্য কাজ করছি। মেন্টালি নিজেকে ফিট করার চেষ্টা করছি। আশা করি ভালো কিছু করতে পারবো।’
জিম্বাবুয়েতে পৌঁছানোর পর দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। কাল থেকে শুরু একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও। সবমিলিয়ে প্রস্তুতি নিয়ে কোন অভিযোগ নেই তাসকিনের।
তিনি বলেন, ‘আমরা তো ২ দিন প্র্যাকটিস করলাম। একটা প্রস্তুতি ম্যাচও খেলবো। সবমিলিয়ে আমি মনে করি প্রস্তুতি ভালোই হয়েছে।’

জিম্বাবুয়েকে খোলা চোখে সহজ প্রতিপক্ষ মনে হলেও, এবার পরিস্থিতি ভিন্ন। দীর্ঘ ৮ বছর পর দেশটিতে সফর করছে টাইগাররা। তাছাড়া বায়োবাবলে থাকায় পরিবেশও পাল্টে গেছে। সবমিলিয়ে এবার চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ।
তাসকিন বলেন, ‘ওদের বিপক্ষে বেশিরভাগ ম্যাচই আমরা জিতেছি। কিন্তু এবার ওদেরকে সহজভাবে নেয়ার সুযোগ নেই। কারণ ওদের দেশে খেলে ওরা অভ্যস্ত। আর আমরা এই কন্ডিশনের সঙ্গে খুব একটা অভ্যস্ত নই। সুতরাং আমাদের জন্য জেতাটা সহজ হবে না। আমরা এখানে ফুল সিরিজই খেলবো তবে আপাতত টেস্টের দিকেই মনোযোগ দিচ্ছি।’
আগামী ৭ জুলাই একমাত্র টেস্টের মাধ্যমে শুরু হবে বাংলাদেশের এবারের জিম্বাবুয়ে মিশন।
ইত্তেফাক/এএএন/এএএম
