ফের বাংলাদেশ থেকে তৈরি পোশাক পণ্য নেবে ওয়াল্ট ডিজনি

আপডেট : ০২ জুলাই ২০২১, ২৩:৪০

 

দীর্ঘদিন পর বাংলাদেশ থেকে তৈরি পোশাকশিল্প পণ্য গ্রহণে সম্মত হয়েছে ওয়াল্ট ডিজনি সংস্থা। ২০১৩ সালে বাংলাদেশে অগ্নি দুর্ঘটনা ও রানা প্লাজা ভবন ধসের ঘটনায় এদেশ থেকে পণ্য ‘সোর্সিং’ করা বন্ধ করে দিয়েছিল ডিজনি। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক শ্রমমান নিরীক্ষা বিবেচনায় নিয়ে সংস্থাটি তার অনুমোদিত সোর্সিং দেশগুলোর তালিকায় আবারও বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করেছে বলে জানা গেছে। তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে ডিজনির পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ওয়াল্ট ডিজনি কর্তৃক এই পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, কর্মক্ষেত্রের সুরক্ষা, সামাজিক মান এবং পরিবেশগত টেকসই হওয়ার ক্ষেত্রে পোশাকশিল্প এ কয়েক বছরে বহু সংস্কার করেছে। এজন্য অনেক বিনিয়োগও করা হয়েছে। বিশেষ করে অগ্নি, বৈদ্যুতিক এবং স্থাপত্য বিষয়ক সুরক্ষা নিশ্চিত করতে বিপুল বিনিয়োগ এবং কারখানা সংস্কার কার্যক্রম নিবিড়ভাবে ফলো-আপ করা হয়েছে। সার্বিক বিষয়গুলো বাংলাদেশ সরকার, আইএলও, আন্তর্জাতিক ব্র্যান্ড, সরবরাহকারীগণ এবং শ্রমিক সংগঠনগুলো সহায়তা দিয়েছিল।

উল্লেখ্য, হংকংভিত্তিক সাপ্লাই চেইন কমপ্লায়েন্স সল্যুশনস প্রোভাইডার, ‘কিউআইএমএ’ তার সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ ইথিক্যাল ম্যানুফ্যাকচারিং দেশ হিসেবে স্থান দিয়েছে। সবুজ কারখানায়ও অগ্রগতি হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি লিড গ্রিন কারখানার অবস্থান বাংলাদেশেই। ১৪৪টি শীর্ষ সবুজ কারখানা ইউএসজিবিসি থেকে সনদপ্রাপ্ত হয়েছে, যার মধ্যে ৪১টি প্লাটিনাম মানের।