আগামী তিন বছর হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তিসহ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। প্রতি বছরে ১৩০ জন শিক্ষার্থী এই সুযোগ পাবেন। বুধবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এ লক্ষ্যে বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে ‘স্টেপেনডিয়াম হাঙ্গেরিকাম প্রোগ্রাম’ শীর্ষক একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশ সরকারের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন। হাঙ্গেরির পক্ষে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণায়ের কূটনীতিক একাডেমি ও স্টেপেনডিয়াম হাঙ্গেরিকাম বিষয়ক স্টেট সেক্রেটারি ড. ওরসোল্যা প্যাকসে-টমাসিচ এতে সই করেন।
নতুন সমঝোতা স্মারকে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের নিউক্লিয়ার এনার্জি বিষয়ে পড়াশোনার জন্য ৩০টি বৃত্তি সংযোজিত হয়েছে। ২০১৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী গত তিন বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের বার্ষিক ১০০টি বৃত্তি প্রদান করে এসেছে। ঢাকায় প্রাপ্ত খবরে এ তথ্য জানা গেছে।
