ডাকসু নির্বাচন

ছাত্রলীগের প্যানেল তৈরির দায়িত্বে চার আওয়ামী লীগ নেতা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০০

 

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যানেল তৈরি ও প্রচারের জন্য কেন্দ্রীয় চার নেতাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। আজ সোমবার থেকে তারা কাজ শুরু করবেন। তারা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের নিয়ে বৈঠক করবেন। ছাত্রদের মধ্যে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী নির্ধারণ করে তা দলের সভানেত্রীর কাছে জমা দেবেন।

গতকাল রবিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে চার সদস্যের এই কমিটি গঠিত হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি গঠন করেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

কমিটির সদস্যরা হলেন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ডাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান।