ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মুক্তার বস্তি থেকে একটি মৃত নীলগাই উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে স্থানীয়রা ধরার চেষ্টা করলে ছুটোছুটি করতে গিয়ে একসময় লাফ দিয়ে পড়ে মারা যায় প্রাণিটি। স্থানীয় তরিকুল জানান, নীলগাইটি কয়েক দিন ধরেই এলাকায় ঘোরাঘুরি করছিল। দুপুর ১২টার দিকে মুক্তার বস্তির আশপাশেই ছিল। স্থানীয়রা ধরার চেষ্টা করলে পশুটি ছোটাছুটি করতে থাকে। পরে গ্রামের হামিদুর নামে এক ব্যক্তির নির্মাণাধীন ঘরের জানালা দিয়ে লাফ দিয়ে ভেতরে পড়েই অচেতন হয়ে পড়ে নীলগাইটি। স্থানীয় পশু চিকিত্সক প্রাথমিক চিকিত্সা দিলেও সেটিকে বাঁচানো সম্ভব হয়নি, ঘটনাস্থলেই নীলগাইটি মারা যায়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা ঘটনাস্থলে আসেন। তিনি জানান, নীলগাইটি সম্ভবত ধাওয়া খেয়ে আতঙ্কে স্ট্রোক করে মারা গেছে। উপজেলা প্রাণিসমপদ ও বন বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এর আগে গত ফেব্রুয়ারিতে বালিয়াডাঙ্গী উপজেলা থেকে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার করে বিজিবি। এছাড়া ২০১৯ সালের জানুয়ারিতে নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকায় ধরা পড়ে একটি পুরুষ নীলগাই। পরে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় অবমুক্ত করা হয়। এরও আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে রানীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের পাশ থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়। সীমান্তেবর্তী কুলিক নদীর ধারে নীলগাইটি দেখতে পান স্থানীয় জেলেরা। গ্রামবাসি সেটিকে আটক করে। পরে স্থানীয় প্রশাসন বন বিভাগের সহযোগিতায় নীলগাইটিকে উদ্ধার করে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যায়।
