দেশে টানা তৃতীয় দিনের মতো ২৪ ঘণ্টায় ৮ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। একই সঙ্গে ষষ্ঠ দিনের মতো শতাধিক মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত গত এক দিনে আরো ৮ হাজার ৪৮৩ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৩২ জনের।
কেবল ঢাকা বিভাগেই গত এক দিনে ৩ হাজার ৮৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের ৪৫ শতাংশের বেশি। চট্টগ্রাম আর খুলনাতেও হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে কেবল খুলনা বিভাগেই মারা গেছেন ৩৫ জন; ঢাকা বিভাগে ৩০ জন মারা গেছেন। গত এক দিনে মারা যাওয়া ১৩২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা ১৪ হাজার ৭৭৮ জনে দাঁড়াল। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে। সরকারি হিসাবে গত এক দিনে আরো ৪ হাজার ৫০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।
গত এক দিনে ঢাকা বিভাগে যে ৩০ জনের মৃত্যু হয়েছে, তাদের ১৩ জনই ছিলেন ঢাকা জেলার। খুলনায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ৯ জনই ছিলেন খুলনা জেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে দুই জন এবং সিলেট বিভাগে দুই জনের মৃত্যু হয়েছে গত এক দিনে। এই ১৩২ জনের মধ্যে ৬৭ জনেরই বয়স ছিল ৬০ বছরের বেশি। ৩০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২০ জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। তাদের ৮১ জন ছিলেন পুরুষ, ৫১ জন ছিলেন নারী। ৯৯ জন সরকারি হাসপাতালে, ২০ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
ঢাকা নগরীসহ জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৩ হাজার ৮৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। বিভাগওয়ারি হিসাবে ঢাকায় দৈনিক শনাক্তের সংখ্যা আগের দিনের ৩ হাজার ৩৭৬ জন থেকে বেড়ে ৩ হাজার ৮৪১ জন এবং রংপুর বিভাগে ৪৬৫ জন থেকে বেড়ে ৭১৫ জন হয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে নতুন রোগীর সংখ্যা আগের দিনের ১ হাজার ১৭১ জন থেকে কমে ১ হাজার ৫৫ জন, রাজশাহী বিভাগে ১ হাজার ২৭৯ থেকে কমে ৮৫১ জন, আর খুলনা বিভাগে ১ হাজার ২৪৫ জন থেকে কমে ১ হাজার ২০১ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৬৬টি ল্যাবে ৩০ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৭০ হাজার ৯৮২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ২৭ শতাংশ যা আগের দিন ২৫ দশমিক ৯০ শতাংশ ছিল। দেশে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। ঢাকা জেলায় দৈনিক শনাক্তের হার আগের দিনের ২০ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে ২২ দশমিক ৩৫ শতাংশ এবং বিভাগে ২২ দশমিক ৮৫ শতাংশ থেকে বেড়ে ২৫ দশমিক ৬৯ জন হয়েছে। চট্টগ্রাম বিভাগে ২৪ দশমিক ৪২ শতাংশ থেকে বেড়ে ২৮ দশমিক ৩৬ শতাংশ, রাজশাহী বিভাগে ২৪ দশমিক ০৭ শতাংশ থেকে বেড়ে ২৪ দশমিক ৪১ শতাংশ এবং খুলনা বিভাগে ৩৭ দশমিক ৬৩ শতাংশ থেকে বেড়ে ৩৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে দৈনিক শনাক্তের হার।
