সুইজারল্যান্ড গোলকিপার ইয়ান সমের একাই ম্যাচটাকে টেনে গিয়ে গেলেন টাইব্রেকিংয়ে। কিন্তু জেতাতে পারলেন না। ফ্রান্সকে টাইব্রেকিংয়ে হারিয়ে ৬৭ বছরের ইতিহাসে কোনো বড় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড। এই গোলকিপার ফ্রান্সের এমবাপের শট ঠেকিয়ে দিয়ে সেদিন নকআউটের বাঁচা মরার ম্যাচে সুইজার্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। সেই গোলকিপার ইয়ান সমের এবার কোয়ার্টার ফাইনালে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচটাকে টাইব্রেকিংয়ে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু গতকাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মাঠে ম্যাচটা জেতাতে পারলেন না। স্পেন টাইব্রেকিংয়ে ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে উঠে গেল।
৯০ মিনিট পর্যন্ত ১-১, অতিরিক্ত ৩০ মিনিটও ১-১ ছিল। শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকিংয়ে। স্পেনের রদ্রিগের শট ঠেকিয়ে দিয়ে সুইস গোলকিপার সমের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু এর পরের দুটি শটে গোল করতে পারেনি সুইজারল্যান্ড। শেষ শটে স্পেনের ওইরজাবেল গোল করলে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যায় স্পেন। থেমে যায় সুইজার্যান্ডের ইউরোর সেমিফাইনালে ওঠার স্বপ্ন। এই দুই দল ২৩ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে মাত্র একবার সুইজারল্যান্ড হারিয়েছিল স্পেনকে, সেটা ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে।
সুইজারল্যান্ড তার ইতিহাসে এবার প্রথম ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছিল। স্বপ্নের জাল বুনেছিলো সুইস ফুটবল দর্শকরা। তাদের স্বপ্ন পুরণ হয়নি। পিছিয়ে থেকে গোল শোধ করে খেলায় ফিরলেও ভাগ্যের কাছে হার মানতে হলো।
সুইজারল্যান্ডের দুর্ভাগ্য তারা মাঠে নেমে ৮ মিনিটেই আত্নঘাতী গোলে পিছিয়ে যায়। স্পেনের জর্দি আলবার অনটার্গেট শট সুইজারল্যান্ডোর জাকারিয়ার পা ছুঁয়ে জালে জড়ায় (১-০) সেটাকে রেফারী আত্নঘাতী গোলের সিদ্ধান্ত দেন। এখান থেকে মাথা উচু করে আবার কোমর সোজা হয়ে দাঁড়াতে সুইজারল্যান্ডের হাঁড়ভাঙা খাটুনি দিতে হয়েছে। পরিসংখ্যান কখনো মাঠের পারফরম্যান্স প্রমাণ করে না। সেটাই গতকাল রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গের মাঠে প্রমান দিচ্ছিল সুইজারল্যান্ড। পিছিয়ে থাকলেও খেলার ধারে—ভারে যেন সুইসরা স্পেনকে ঘাম ঝরিয়ে দিচ্ছিল।
স্পেনের ফেরেন তোরেস, মোরাতা, কোকেই, পেড্রি, আজপিলাকেতারা কিছুই করতে পারছিলেন না। স্পেনের ডিফেন্ডারদের ভয় ছিল সুইস অধিনায়ক জেরদান শাকিরিকে নিয়ে। ৬৫ মিনিটে স্প্যানিশ দুই ডিফেন্ডারের ভুলে বলটা নিয়ে নেন সুইজারল্যান্ডের ষ্টিভেন জুবের, নিয়েই ঠেলে দেন শাকিরিকে। শাকিরি ঠান্ডা মাথায় গোল করে অসাধারণ জবাব দিয়েছেন স্পেনকে ১-১।
সুইজারল্যান্ডের সর্বনাশ হয়েছে লালকার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রেমো ফ্রেলুরকে। ১০ জনের সুইজার্যান্ডকে পেয়ে অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ে ২৩টা শট করেও গোল পায়নি স্পেন। সুইস গোলকিপার ইয়ান সমের স্প্যানিশদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। টাইব্রেকিংয়েও দক্ষতা দেখালেন। কিন্তু অন্যদের মিসের কারনে নিজের পারফরম্যান্স জলে ডুবে গেল।
