শীর্ষ ক্রিকেটারদের নিয়ে গড়া ভারতের সেরা দলটা এখন ইংল্যান্ডে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর তিন সপ্তাহের ছুটি কাটাচ্ছেন কোহলি-রোহিতরা। আগামী ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল।
ঠিক একই সময়ে ভারতের আরেকটি জাতীয় দল শ্রীলঙ্কা সফর করছে। তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে শেখর ধাওয়ানের নেতৃত্বে দলটি এখন কলম্বো অবস্থান করছে।

ভারত দ্বিতীয় সারির দল পাঠানোর কারণে চটেছেন অর্জুনা রানাতুঙ্গা। তবে সফরকারীরা নয়, বিশ্বকাপজয়ী অধিনায়কের কাঠগড়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্তারা। ভারতের এমন দলের সঙ্গে সিরিজ খেলতে রাজি হওয়ায় স্বদেশের কর্মকর্তাদের সমালোচনা করেছেন রানাতুঙ্গা।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন সাবেক এ লঙ্কান অধিনায়ক। তিনি বলেছেন, ‘এটা দ্বিতীয় সারির ভারতীয় দল এবং তাদের এখানে সফরে আসা আমাদের ক্রিকেটের জন্য অপমান। আমি দায় দেবো বর্তমান ক্রিকেট প্রশাসনকে, টিভিতে খেলা দেখিয়ে আয় করার জন্য তারা এতে রাজি হয়েছে। ভারত তাদের সেরা দল পাঠিয়েছে ইংল্যান্ডে, দুর্বলতর দল পাঠিয়েছে এখানে। আমাদের বোর্ডকেই এই দায় নিতে হবে।’
শ্রীলঙ্কা সফরে থাকা সীমিত ওভারের ভারতীয় দলটির কোচ রাহুল দ্রাবিড়। তারুণ্যনির্ভর হলেও বিকল্প জাতীয় দল গঠনের মতো মানসম্পন্ন ক্রিকেটার রয়েছে ভারতের। ভুবনেশ্বর কুমার-হার্দিক পান্ডিয়াদের লঙ্কায় পাঠিয়ে সেই সাহসটাই দেখিয়েছে ভারত।
ইত্তেফাক/টিএ
