‘আমি চরিত্রের সঙ্গে আপোস করতে চাই না’

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০:২৮

 বিনোদন প্রতিবেদক

 

‘বাজেট স্বল্পতার কারণে বেসরকারি টিভিগুলোতে মনের মতো করে একটি কাজ শেষ করা অনেক কঠিন। কিন্তু এখানে কেউ থাকে না ধারাবাহিকটি বিটিভির অনেক বড় বাজেটের একটি কাজ। ফলে সময় নিয়ে, নিজেস্ব সেট তৈরি করে করতে পেরেছি।’— নিজের নতুন ধারাবাহিকের নির্মাণ প্রসঙ্গে বললেন নির্মাতা অনিমেশ আইচ। ‘এখানে কেউ থাকে না’ শিরোনামের এই ধারাবাহিকটি আজ থেকে বিটিভিতে প্রচার শুরু হবে। অন্যদিকে নির্মাণে বরাবরই নিজের মুন্সিয়ানায় ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেন নির্মাতা অনিমেষ আইচ। তার প্রতিটি কাজেই ভিন্নতার পাশাপাশি গোছানো একটি বিষয় থাকে। এই নাটকটিও সম্পূর্ণ ভিন্নধর্মী একটি গল্পে নির্মিত হয়েছে। এ নিয়ে অনিমেষ আরো বলেন, ‘আমাদের দেশের এ ধরনের গল্পে তেমন একটা নাটক নির্মাণ হতে দেখা যায় না। সম্পূর্ণ ভৌতিক এবং অতিলৌকিক একটি গল্পে নাটকটি নির্মাণ করেছি। গতানুগতিকতার বাইরে গিয়ে দর্শকরা ভিন্ন এক আবহ পাবেন নাটকটিতে।’

এছাড়া বর্তমানে অনেকেরই অভিযোগ রয়েছে সিরিয়র শিল্পীদের অবমূল্যায়ন করা হচ্ছে। সেই জায়গাতেও সিনিয়র-জুনিয়র শিল্পীর মিশেলে নাটকটি নির্মাণ করেছেন অনিমেষ। নাটকটিতে মামুনুর রশিদ, অরুণা বিশ্বাস, জিতু আহসান, জেমি, ভাবনা, বিজরী বকতুল্লাহ, ফারুক আহমেদ’সহ অনেকেই অভিনয় করেছেন। তরুণদের জয়গানের এই সময়ে এমন একটি সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে অনিমেষ বলেন, ‘আমি বরাবরই নতুন-পুরনো সবাইকে নিয়ে কাজ করি। আমি চরিত্রের সঙ্গে আপোস করতে চাই না। এই নাটকটিতেও যারা অভিনয় জানেন এবং চরিত্রের প্রয়োজনে যাকে দরকার তাকে নিয়ে কাজটি করেছি। নিখুঁত অভিনয় দেখা যাবে নাটকটিতে।’ ভাবনা বলেন, ‘অনিমেষের নির্মাণ সম্পর্কে সবাই জানেন। এবারো যারা সাধারণত সিরিয়ালে অভিনয় করেন না চরিত্রের প্রয়োজনে তাদের নিয়ে কাজ করেছেন।’ অন্যদিকে দেশের ধারাবাহিক নাটকগুলোতে নির্মাতারা ধারাবাহিকতা রক্ষা করতে বরাবরই ব্যর্থতার পরিচয় দেন। প্রথমে কিছু পর্ব সাড়া জাগালেও সময়ের সঙ্গে তা হারিয়ে যায়। ‘এখানে কেউ থাকে না’ ধারাবাহিকে সেটা কতটা বজায় থাকবে এমন প্রশ্নে অনিমেষ বলেন, ‘অন্যরা কেন ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না সেটা বলতে পারছি না। তবে আমার ধারাবাহিকে দর্শকরা মুখ ফিরিয়ে নেবেন না এটা জোর দিয়েই বলতে পারি।’ একই বিষয়টি নিয়ে ভাবনা যোগ করেন, ‘আমার মনে হয় ধারাবাহিকতা রক্ষা করতে না পারার কারণ বাজেট। আসলে অল্প বাজেটে সময় নিয়ে নিজের চিন্তাধারা নির্মাতারা প্রকাশ করতে পারে না। কিন্তু এই নাটকটির বাজেট থেকে শুরু করে গল্প, সময় সবই অনুকূলে ছিল। তাছাড়া নাটকটির ৩০ পর্বে শুটিং শেষ হলেও আর ৩০-৩৫ পর্ব হবে। ফলে ধারাবাহিকতায় ছেদ পড়বে না।’

 

মামুনুর রশীদ  ভাবনা  বিজরী বরকতুল্লাহ ও ইন্তেখাব দিনার  

অরুণা বিশ্বাস ও জেনি   জিতু আহসান  ফারুক আহমেদ

নির্মাতা অনিমেষ আইচ