বিনোদন ডেস্ক
এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা দিয়ে বলিউডে নিজের অবস্থান জানান দিয়েছেন অভিনেত্রী নোরা ফতেহি। গান, নাচ, অভিনয়, সব মাধ্যমেই পদচারণা রয়েছে এই কানাডিয়ান সুন্দরীর। বর্তমানে তার হাতে রয়েছে বেশকিছু সিনেমার কাজ। সেই তালিকায় ছিল বিকাশ বহালের ‘গণপথ’ শিরোনামের সিনেমাটি। এই সিনেমাটিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয়ের কথা ছিল তার। তবে সেই আশা নিরাশায় পরিণত হল। সিনেমাটি থেকে বাদ দেওয়া হল নোরাকে। জানা গেছে, সিনেমাটিতে টাইগারের সঙ্গে দুই নায়িকাকে দেখা যাবে। কৃতি শ্যাননের সঙ্গে পরিচালক-প্রযোজক নোরাকে সিলেক্ট করেছিলেন। সিনেমাটির অভিনেতা-অভিনেত্রী এতে অভিনয়সহ অন্যান্য বিষয়ে এখনই মিডিয়ায় কিছু বলতে পারবেন না বলে চুক্তিতে লেখা ছিল। কারণ সিনেমাটির সবকিছুই চমক হিসেবে সামনে আনতে চেয়েছিলেন তারা। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সিনেমাটিতে অভিনয়সহ নানা গোপন বিষয়ে কথা বলেন নোরা। আর এতেই বিব্রত হন পরিচালক-প্রযোজক। পেশাদারিত্বের অভিযোগ এনে সিনেমাটি থেকে বাদ দেন নোরা ফতেহিকে। তারা মনে করেন, সিনেমাটির গোপন বিষয় প্রকাশ করা একজন পেশাদার অভিনেতার কাজ নয়। এতে সিনেমাটির সাফল্যের ওপর প্রভাব পড়ে। শুটিং শুরুর আগে এমন আচরণ তাদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করেছে। উল্লেখ্য, নোরা ফতেহির জায়গায় নতুন মুখ নেওয়ার কথা ভাবছেন প্রযোজক।
