জাপানে ভারী বর্ষণের পর ভূমিধসে নিখোঁজ ২০

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:১৫

রয়টার্স

জাপানের আতামি শহরে ভারী বর্ষণের ভূমিধসের ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। এর মধ্যে কমপক্ষে দুই জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন। পুলিশ, দমকল বিভাগ ও সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।

টেলিভিশনের ফুটেজে টোকিওর দক্ষিণ-পশ্চিমের শহরটিতে ঢালু পাহাড়ি পথ বেয়ে কাদামাটির প্রবল স্রোত নেমে আসতে দেখা গেছে। এতে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়। ঐ অঞ্চলে টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর শনিবার এ ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে। আতামির এই বিপর্যয় মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জরুরি টাস্কফোর্স গঠন করেছেন।

শহরটি যে প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত, সেই শিজোকুতে গত কয়েক দিনের বৃষ্টিপাত এরই মধ্যে জুলাইয়ের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। পার্শ্ববর্তী প্রশাসনিক অঞ্চল কানাগাওয়াতেও অস্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এনএইচকে-কে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি একটা অদ্ভুত শব্দ শুনি এবং দেখি কাদার স্রোত নিচে গড়িয়ে আসছে। সেসময় উদ্ধারকর্মীরা সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে তাড়া দিচ্ছিল। আমি দৌড়ে উঁচু জায়গায় চলে যাই।’

জাপানে বর্ষাকালে প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। গত বছরের বন্যা দেশটিতে কয়েক ডজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; ২০১৮ সালে দেশটির পশ্চিমাঞ্চল প্লাবিত হয়ে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

 

জাপানের আতামি শহরে ভূমিধসের ফলে বিধ্বস্ত একটি স্থাপনা