কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়ক
ঝালকাঠি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হাসান জানান, কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়কে নির্মাণাধীন ব্রিজের অ্যাপ্রোচ রোড হবে। তবে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ব্রিজের ঠিকাদারের মাধ্যমে বাসস্ট্যান্ড সড়কের খানাখন্দ ও গর্ত দ্রুত সংস্কার করে দেওয়া হচ্ছে
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠি-কাঠালিয়া-আমুয়া-পাথরঘাটা-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়কের চৌমাথাসহ কয়েকটি অংশে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। গর্তে পানি জমে থাকায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাধীন কাঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের ব্রিজের কাজ চলছে। ব্রিজের সঙ্গেই বাসস্ট্যান্ডে অ্যাপ্রোচ রোড হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঠালিয়া সদরের বাসস্ট্যান্ডের চৌমাথাসহ সড়কটির অবস্থা খুবই খারাপ। এ সড়কের চৌমাথা, মসজিদের সামনে, ফলপট্টি, বাকিবিল্লাহ স্টোরসহ বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সড়কটি দিয়ে দিন-রাত কাঠালিয়া-পাথরঘাটা-ঢাকা ও কাঠালিয়া-পাথরঘাটা-চট্টগ্রাম, কাঠালিয়া-খুলনা, কাঠালিয়া-রাজশাহীসহ বিভিন্ন রুটে যানবাহন ও লোকজন চলাচল করছে। সড়কে খানাখন্দ ও গর্ত থাকায় কাঠালিয়া সদরসহ বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাসস্ট্যান্ডের বাকিবিল্লাহ স্টোরের মালিক মো. মাহবুব হোসেন জানান, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড সড়কে বড় বড় গর্তে পানি আটকে থাকায় গাড়ি ও মানুষের চলাচল করতে অনেক সমস্যা হয়। অনেক সময় বড় গাড়ি গর্তে আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এতে চমর ভোন্তিতে পড়েন যাত্রীরা।
বাসস্ট্যান্ডের হার্ডওয়ার ও তেল ব্যবসায়ী মো. হায়দার খান বলেন, কিছুদিন আগে কাঠালিয়া সদর ইউনিয়ন থেকে পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদারের পক্ষ থেকে সড়কে ইট ফেলে খানাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করার ব্যবস্থা করা হয়। তবে গাড়ি চলাচলের কারণে বর্তমানে আবার বড় বড় গর্ত হয়েছে। খুব দ্রুত সংস্কার করা দরকার। ঝালকাঠি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হাসান জানান, কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়কে নির্মাণাধীন ব্রিজের অ্যাপ্রোচ রোড হবে। তবে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ব্রিজের ঠিকাদারের মাধ্যমে বাসস্ট্যান্ড সড়কের খানাখন্দ ও গর্ত দ্রুত সংস্কার করে দেওয়া হচ্ছে।
