‘রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু লক্ষাধিক বেশি’

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী

কোরবানির চাহিদা মেটাতে বিগত কয়েক বছর ধরে ভারতীয় গরুর ওপর নির্ভরশীল হতে হচ্ছে না রাজশাহী অঞ্চলের মানুষের। স্থানীয়ভাবে দেশি গরুর খামার গড়ে ওঠায় চাহিদা মিটে যায়। করোনার কারণে এবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে গরু প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত আছে আইনশৃঙ্খলা বাহিনীর। তবে কোরবানিতে পশু সংকটের কথা বলছেন কেউ কেউ। যদিও এ বিষয়ে সুখবর দিচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তাদের মতে, ভারতীয় গরু না আসলেও দেশে কোরবানির পশুর কোনো সংকট হবে না। দেশের খামারিদের কাছে বিপুল পরিমাণ গরু মোটাতাজা করা আছে, যা দিয়ে কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব। রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী রাজশাহীতে কোরবানির পশুর চাহিদা রয়েছে ২ লাখ ৭০ হাজার। খামারি পর্যায়ে পালিত হচ্ছে ৩ লাখ ৮২ হাজার। চাহিদার তুলনায় ১ লাখ ১২ হাজার বেশি পশু রয়েছে রাজশাহীতে। যা দেশের অন্যান্য অঞ্চলের কোরবানির চাহিদা পূরণের জন্য সরবরাহ করা হবে। রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হক বলেন, গত তিন বছর থেকে আমরা বলে আসছি, ভারত থেকে গরু নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের যে চাহিদা, তা দেশি গরু দিয়েই পূরণ করা সম্ভব। এখন খামারিরা প্রচুর গরু লালনপালন করছেন।