পাড়ায় পাড়ায় করোনা টেস্টের ব্যবস্থা থাকা প্রয়োজন

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৩৯

বর্তমানে করোনা মহামারী জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে এবং দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। এখন দলমত নির্বিশেষে সকলকেই এই দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো, কোনো ব্যক্তির জ্বর, সর্দি, কাশিসহ করোনা উপসর্গ দেখা দিলেও প্রাথমিক অবস্থায় সঠিক চিকিত্সা না নিয়ে বাড়িতে থেকেই ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করা হচ্ছে। ঐ সময়ে এই ব্যক্তি পরিবার, প্রতিবেশিসহ অন্যদেরকেও দ্রুত সংক্রমিত করছে। রোগীর অবস্থা যখন খুব খারাপ হয়ে যায়, তখন হাসপাতালে আনা হচ্ছে। এই অবস্থায় বেশিরভাগ রোগীকেই বাঁচানো সম্ভব হয়না। যে কারণে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই এই দুর্যোগ মোকাবেলা করতে হলে, এলাকাভিত্তিক ব্যবস্থা নিতে হবে। ব্যাপক প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করতে হবে, যাতে করোনা উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে আলাদা করে  দ্রুত করোনা টেস্ট ও চিকিত্সার ব্যবস্থা করা যায়। এজন্য পাড়ায় পাড়ায় করোনা টেস্টের ব্যবস্থা থাকা প্রয়োজন। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের নিজ নিজ  এলাকার প্রতিটি পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেওয়ার দায়িত্ব পালন করতে হবে। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে এক দিনের মধ্যেই সারাদেশের পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও সিটিকরপোরেশন ভিত্তিক কমিটি গঠন ও কার্যক্রম শুরু করা সম্ভব। ব্যাপক জনসচেনতা ও জনসম্পৃক্ততা ছাড়া এই দুর্যোগ মোকাবেলা করা এবং করোনা নিয়ন্ত্রনে আনা সম্ভব নয়। একইসঙ্গে এই দুর্যোগ মোকাবেলায় সরকারকেও সর্বশক্তি নিয়োগ করতে হবে।

বিপ্লব বিশ্বাস

ফরিদপুর