লকডাউনে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতাকে জরিমানা

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৪০

চলমান কঠোর লকডাউনের মধ্যে প্রশাসনকে ফাঁকি দিতে মধ্যরাতে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন কনের পিতা। কিন্তু তাতেও শেষ রক্ষা রক্ষা হয়নি। গোপনে খবর পেয়ে হানা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত। কনের পিতার জরিমানা করা হয় ১০ হাজার টাকা।

ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া সদরের কলেজ রোড এলাকায় কনের পিতা মো. রফিকুল ইসলামের বাড়ীতে। ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা।

No description available.

উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা জানান, একেতো বাল্যবিয়ে, তার উপর সেখানে লকডাউনের নির্দেশনা অমান্য করা হচ্ছিল, তাই কনের পিতার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত  মেয়ের বিয়ের আয়োজন করবেন না বলে বর ও কনের অভিভাবকের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়েছে।

জানা যায়, মেয়ের বয়স ১৮ বছর হতে এখনও ৭ মাস বাকি। বর বিদেশ চলে যাবে এমন অজুহাতে গত শুক্রবার মধ্যরাতে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।  সংবাদ পেয়ে রাত সাড়ে ১২টায় কনের বাড়িতে হাজির হয়ে ঘটনার সত্যতা পান নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা। পরে তিনি সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূল আইনে কনের পিতাকে অর্থদন্ড দেন।

ইত্তেফাক/এনএ