মেঘনায় বাল্কহেডে চাঁদাবাজি পিটুনিতে নিহত ১

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৪৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়াসংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের মারধরে মামুন বেপারী  নামে এক চাঁদাবাজ নিহত হয়েছে। গতকাল দুপুরের দিকে মেঘনার চাঁদপুরের উত্তর মতলব উপজেলার সন্তোষপুরের তালতলির কাছে এ ঘটনা ঘটে। নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মোহাম্মদ আলির ছেলে। সে মেঘনা নদীর চিহ্নিত চাঁদাবাজ বলে নৌপুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, নয়ন গ্রুপের অন্যতম সদস্য মামুন বেপারী। এই গ্রুপের প্রধান নৌ-ডাকাত নয়নের চাচাতো ভাই নিহত মামুন বেপারী। তবে নিহতের ভাই শাহাদাত্ বেপারী জানান, চাঁদাবাজি নয়, বালুর জাহাজটিতে পাওনা টাকার জন্য গিয়েছিল মামুন। চাঁদপুরের বেলতলী নৌপুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দুপুরে মেঘনা নদীতে ট্রলারযোগে মামুনসহ কয়েক জন চাঁদাবাজ বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এ সময় একটি বাল্কহেড শ্রমিকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারি হলে মামুনের মাথায় জখম হয়। পরে তার লোকজন গুরুতর অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।