সম্মিলিত সামাজিক আন্দোলনের দাবি
ইত্তেফাক রিপোর্ট
সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষার ভোগান্তি নিরসন করুন। একই সঙ্গে ভাসমান শ্রমিক ও স্বল্প আয়ের মানুষের জন্য দ্রুত রেশনিং ব্যবস্থা চালু করুন।
গতকাল সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে বলেন, সরকারের সিদ্ধান্ত থাকার পরও বিদেশগামী শ্রমিকদের করোনা পরীক্ষা দ্রুত ও সহজ হচ্ছে না। এ ঘটনার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে আরো বলা হয়, ‘অনেক শ্রমিক দেশের বিভিন্ন এলাকায় করোনা পরীক্ষা করতে গিতে আমলাতান্ত্রিক জটিলতার শিকার হওয়ার খবর গণমাধ্যমে বের হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এর মধ্যে অনেক শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। করোনা পরীক্ষা বিলম্বিত হওয়ায় অনেকেই কাজ হারানোর দুশ্চিন্তায় দিনপার করছেন। আমরা আশা করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহল এই বিষয়ে ত্বরিত ব্যবস্থা নেবেন।
অন্যদিকে চলমান লকডাউনে দেশের ভাসমান লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমরা মনে করি ভাসমান শ্রমিকসহ সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করে কোভিড মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’
