ডিএনডি এলাকায় জলাবদ্ধতা আদমজী পাম্প চালুর দাবি

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৪৯

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

ডিএনডির প্রায় ২২ লাখ বাসিন্দার দুই যুগের কৃত্রিম জলাবদ্ধতা আর অবর্ণনীয় দুর্ভোগের স্থায়ী সমাধানের জন্য দ্রুত আদমজী পাম্প স্টেশন চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত দুই দিনের ভারী বর্ষণে নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের নিম্নাঞ্চল এলাকা সিদ্ধিরগঞ্জের কদমতলী, নয়াপাড়া, গোদনাইল, জালকুড়ি, সানারপাড়, উত্তর ভুঁইগড় ফের পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার  বাসিন্দারা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হলে ফের চরম দুর্ভোগে পড়েছেন ডিএনডির বাসিন্দারা। 

লকডাউনে বাড়িঘরে পানিবন্দি মানুষের চোখের পানি ও বৃষ্টির পানি একাকার হয়ে গেছে। আজ রবিবার প্রকল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সেনাকর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন এবং প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। প্রকল্পের এক কর্মকর্তা জানান, ‘আদমজী পাম্প স্টেশন প্রায় প্রস্তুত। আউট লাইনের কাজটি শেষ হলেই চালু করা যাবে। শিমরাইল পাম্প হাউজে পানি আসতে কোনো বাধা হলে আমরা দ্রুত গতিতে সেই বাধা দূর করি। পাম্প হাউজের সামনে পানির সঙ্গে আসা আবর্জনা সরানের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’