আজও বন্ধ ব্যাংক, চালু আছে মোবাইল ও অনলাইন ব্যাংকিং

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। ৭ জুলাই পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ। তবে জরুরি সেবার আওতায় ব্যাংক খোলা থাকলেও আজ ব্যাংক বন্ধ। এর আগে বৃহস্পতিবার ব্যাংক হলিডে এবং এরপরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় একটানা চার দিন ব্যাংক বন্ধ রয়েছে।

ব্যাংক বন্ধের এ সময়েও প্রয়োজন মেটাতে খোলা রয়েছে ব্যাংকগুলোর এটিএম বুথ। পাশাপাশি ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং সেবাও চালু আছে। এ ছাড়া বিকাশ-নগদ-রকেটের মতো মোবাইলে আর্থিক সেবা চালু আছে। আর এসব সেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে সেজন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারঘোষিত এক সপ্তাহের বিধিনিষেধের মধ্যে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ থেকে দিনে ১ লাখ টাকা তুলতে পারবেন গ্রাহক। ব্যাংকগুলো তাদের এটিএমে টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে ১ লাখ টাকা। ২৪ ঘণ্টা লেনদেন সুবিধার লক্ষ্যে অনলাইন ব্যাংকিং লেনদেন সেবাদানকারী ব্যাংকগুলো এই সেবা নিরবচ্ছিন্ন রাখবে।

সরকারঘোষিত চলাচলে নিষেধাজ্ঞা আরোপকালে ব্যাংক, পিএসপি, পিএসও এবং এমএফএস জরুরি ও অত্যাবশ্যকীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রোভাইডাররা নিজ নিজ সিস্টেম, ডিস্ট্রিবিউশন ও এজেন্ট চ্যানেল নিরবচ্ছিন্ন ও সচল রাখবে।

গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহের জন্য ব্যাংকের ক্যাশ কাউন্টার, এটিএম, এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট পয়েন্ট ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) এজেন্ট পয়েন্টগুলোয় নগদ অর্থ ও ই-মানি (প্রযোজ্য ক্ষেত্রে) সরবরাহের সেবা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করবে।

পাশাপাশি লেনদেনের স্থান অর্থাত্ ব্যাংক, এটিএম, পয়েন্ট অব সেলস ও এজেন্ট পয়েন্টগুলো নিয়মিত জীবাণুমুক্ত ও সেখানে হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যবস্থা নেবে। ব্যাংকগুলো তাদের এটিএম চ্যানেল সার্বক্ষণিক সচল রাখা এবং চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে এটিএম মেশিনে ক্যাশ ফিডিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে লেনদেন চলবে সকাল ১০টা  থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে, কাস্টমস, শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত পরিশোধ করা যাবে। সব ব্যাংক, এমএফএস, পিএসপি এবং পিএসওসমূহ স্ব স্ব সিস্টেম অবকাঠামোর ওপর সতর্ক নজরদারি রাখবে এবং সিস্টেম ও ডেটাবেইজে সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবিলার জন্য ই-মেইল, ফিশিং ই-মেইল, র্যানসামওয়্যার আক্রমণ ইত্যাদি বিষয়ে বিশেষ নজরদারি করবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে লেনদেন সংক্রান্ত প্রতারণা ও সোশ্যাল মিডিয়া, ই-মেইল, মোবাইল ফোনের মাধ্যমে কোভিড-১৯ ভিত্তিক আর্থিক প্রতারণার বিষয়ে সতর্ক করবে। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সব অবকাঠামো যথারীতি চালু এবং এ সংক্রান্ত নিরাপত্তা ও সাইবার ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে।