এসএমই কোম্পানি হিসেবে টাকা তুলবে মোস্তফা মেটাল

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে স্বল্প মূলধনি কোম্পানির জন্য চালু হওয়া আলাদা এসএমই বোর্ডের আওতায় মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ। তিন বছর বোনাস শেয়ার ইস্যু না করার শর্তে কোম্পানিটি মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে। দ্বিতীয় এসএমই কোম্পানি হিসেবে এটি শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেল।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১১ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে। স্বল্প মূলধনি কোম্পানিবিধির আওতায় যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে এ মূলধন সংগ্রহ করা হবে। গত বুধবার শেয়ারবাজার থেকে কোম্পানিটির মূলধন সংগ্রহের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির কমিশন সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।

সভা শেষে বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। যোগ্য বিনিয়োগকারীর জন্য প্রস্তাব বা কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে বিক্রি করা হবে। এ শেয়ার তারাই কিনতে পারবেন, যাদের শেয়ারবাজারে ন্যূনতম এক কোটি টাকার (বাজারমূল্যে) বিনিয়োগ রয়েছে।

বিএসইসি আরো জানিয়েছে, কোম্পানিটি শেয়ারবাজার থেকে যে মূলধন সংগ্রহ করবে, তা ব্যাংকঋণ পরিশোধ, চলতি মূলধন হিসেবে কাজে লাগানোর পাশাপাশি কিউআইওর খরচের পেছনে ব্যয় করবে। গত ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৭৬ পয়সায়। কোম্পানিটিকে মূলধন সংগ্রহের অনুমোদন দেওয়ার পাশাপাশি শর্তও জুড়ে দিয়েছে বিএসইসি। যেদিন থেকে শেয়ারবাজারের এসএমই বোর্ডে লেনদেন শুরু হবে সেদিন থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির শেয়ার তারাই কিনতে পারবেন, যাদের শেয়ারবাজারে ন্যূনতম ১ কোটি টাকার (বাজারমূল্য) বিনিয়োগ রয়েছে। এর আগে গত এপ্রিলে এসএমই কোম্পানি হিসেবে চট্টগ্রামভিত্তিক শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়সকে প্রথম বারের মতো কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বা কিউআইওর মাধ্যমে সাড়ে ৭ কোটি টাকার পুঁজি উত্তোলনের অনুমোদন দিয়েছিল বিএসইসি। এরই মধ্যে প্রথম কোম্পানি হিসেবে নিয়ালকো অ্যালয়স চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই বোর্ডে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের সর্বশেষ বাজারমূল্য ছিল ২৩ টাকা।