নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
নাজিরপুরে বৈটাকাটা বেলুয়া নদীতে এ বছরও জমে উঠেছে ভাসমান সবজি বাজার। জেলা শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তর দিকে এ ভাসমান সবজি বাজারটি গড়ে উঠেছে। ভাসমান সবজি বাজারটি সারা দেশে ব্যাপক খ্যাতি লাভ করেছে।
জানা গেছে, এই অঞ্চলে উত্পাদিত কৃষিপণ্য নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়। চিতলমারী, মোড়েলগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন স্থানের কৃষকরা তাদের উত্পাদিত কৃষিপণ্য এ বাজারে নিয়ে এসে পাইকারি বিক্রি করেন। বর্তমানে সপ্তাহে শনি ও মঙ্গলবার এ ভাসমান বাজারে বরবটি, কুমড়া, পুঁইশাক, করলা, পটল, কাঁচকলার সমারোহ ঘটে। এ বাজার থেকে বিভিন্ন জেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা সবজি কিনে নিয়ে যায়। আষাঢ় মাস থেকেই বাজার জমে উঠে। নদীর মধ্যে প্রতিটি সবজি ভরা নৌকা যেন মনে হয় একটি দোকান ঘর। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোকজন দৃষ্টিনন্দন এ ভাসমান বাজার দেখতে আসে। ধান, নদী, কৃষি—এ তিন নিয়ে নাজিরপুর উপজেলা গঠিত। উপজেলার চারিদিকে নদী আর খাল জালের মতো ছড়িয়ে আছে। অনুন্নত সড়কের কারণে ১০০ বছর আগে এলাকাবাসীর প্রয়োজনে এ ভাসমান বাজারের সৃষ্টি হয়। বর্তমানে রাস্তাঘাট উন্নত হলেও ভাসমান বাজারটি রয়ে গেছে।
বৈটাকাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা তালুকদার জানান, বাজারটি শতবর্ষ আগে সৃষ্টি হয়েছে। এ বাজারে বিভিন্ন জেলা থেকে কাঁচামাল ট্রলারযোগে আসে আবার ভোলা, পাথরঘাটা, বামনাসহ বিভিন্ন বাজারে বিক্রির জন্য যায়।
