সেনবাগে পাওনা টাকা চাওয়ায় হামলা-ভাঙচুর লুটপাট, আহত ৫

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২২:১১

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগের ছাতারাপাইয়া ইউপির পাঁচতুপা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় পাওনা টাকা চাওয়ায় দফায় দফায় হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে নারী ও শিশুসহ পাঁচ জন আহত হয়েছে। আহতরা হলেন—আইয়ুব আলী, তার স্ত্রী, বোন, মেয়ে ও নাতি। তাদেরকে সেনবাগ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, চার বছর আগে একই এলাকার আলী করিমের বাড়ির বেছু মিয়ার ছেলে সোহেল বিদেশ যেতে ৫০ হাজার টাকা ধার নেন প্রতিবেশী আবদুল লতিফের স্ত্রী ও আইয়ুব আলীর বোন মরিয়ম বেগমের কাছ থেকে। ইতিমধ্যে সোহেল দেশে ফিরে আসে। মরিয়ম তার কাছে পাওনা টাকা ফেরত চান। টাকা ফেরত চাওয়ায় সোহেল ক্ষিপ্ত হয়ে মরিয়ম ও তার স্বজনদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় বলে অভিযোগ।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য এলাকার গণ্যমান্য লোকজন সময় নিয়েছে, তারা মীমাংসা করতে না পারলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।