কারিগরি শিক্ষা বোর্ডের এক বছরমেয়াদি সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি (শর্ট) কোর্সগুলোকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন না দেওয়ার দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)।
সংগঠনটির সভাপতি শফিকুল ইসলাম ও মহাসচিব সিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, দেশের সর্বোচ্চ আদালতের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ডের মেডিক্যাল টেকনোলজি কোর্স এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিত্সা অনুষদ থেকে তিন বছরমেয়াদি ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি কোর্স সম্পন্নকারী প্রায় ২৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট বেকার রয়েছে। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত শতাধিক আইএইচটিতে তিন বছরমেয়াদি ডিপ্লোমা কোর্সে কয়েক হাজার ছাত্রছাত্রী অধ্যয়নরত।
এ অবস্থায় কারিগরি শিক্ষা বোর্ডের কথিত এক বছরমেয়াদি শর্ট কোর্স অনুমোদন দেওয়ার উদ্যোগ সুচিকিত্সার অন্তরায় এবং বিদ্যমান চিকিত্সা শিক্ষাকে আরো নিম্নমুখী করবে। নেতৃবৃন্দ কারিগরি শিক্ষা বোর্ডের এসব মানহীন কোর্সের অনুমোদন দেওয়ার পদক্ষেপ থেকে বিরত থাকতে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টদের সমন্বয়ে আন্দোলের কর্মসূচি দেওয়া হবে বলে জানান। —সংবাদ বিজ্ঞপ্তি
