কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৬

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২২:৫৩

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাকামী যোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর সংঘর্ষে ছয় জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন বিচ্ছিন্নতাকামী এবং এক জন ভারতীয় সেনা। শুক্রবার উপত্যকার পুলওয়ামা জেলার রাজপোড়া অঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে কাশ্মীরে গত দুই সপ্তাহ ধরে চলা সংঘাতে মোট ১৭ জনের প্রাণহানি হয়েছে। এসব তথ্য জানিয়েছে উপত্যকায় কর্মরত ভারতীয় পুলিশ। ভারতের দাবি, নিহত হওয়া বিচ্ছিন্নতাকামী পাঁচজন পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্য।

এর আগে গত ১ জুলাই রাতে রাজপোড়া এলাকায় যৌথ অভিযান শুরু করে ভারতীয় বাহিনী। এ অভিযানে নিহত হয় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য ও            পাঁচ সশস্ত্র যোদ্ধা। এদিকে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরেও সমপ্রতি নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। বুধবার উপত্যকার কুলগ্রাম বনাঞ্চলে সেনাদের হামলায় সন্দেহভাজন তিন সন্ত্রাসী নিহত হয়েছে। ১ জুলাই দেশটির সেনাবাহিনী বলেছে, চলতি বছর এ পর্যন্ত ৬১ জঙ্গি নিহত হয়েছে।

-ইন্ডিয়ান এক্সপ্রেস