বগুড়ায় দুইটি হাসপাতালে ২০টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিল এস আলম গ্রুপ

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২২:৫৫

বগুড়ায় করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলার অভাবে সাত করোনা রোগী মারা যাওয়ার খবরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এস আলম গ্রুপ। গতকাল শনিবার বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ২০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছে ব্যাবসায়িক প্রতিষ্ঠানটি।

গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১৩ ঘণ্টায় হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটে মোহাম্মদ আলী হাসপাতালে সাত জন মারা যান।

এস আলম গ্রুপের পক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া অঞ্চলের প্রধান আব্দুস সোবহান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজশাহী অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিম উল্লাহ গতকাল বেলা ১১টায় চিকিত্সা সরঞ্জামগুলো বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ টি এম নুরুজ্জামান সঞ্চয় এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসিনের কাছে হন্তান্তর করেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, উপহার হিসেবে পাওয়া ১০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সংযোজন করা হলে হাসপাতালের মোট ২২ শয্যায় উচ্চ মাত্রায় অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।