দীর্ঘ ১৫ বছরের সংসার জীবনের ইতি টানতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। গতকাল শনিবার সকালে নেটমাধ্যমে নিজেদের স্বাক্ষর করা এক বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তারা। যদিও তাদের বলিউডের সুখী দম্পতি হিসেবেই সবাই মনে করতেন।
নেটদুনিয়ায় প্রকাশ করা বিবৃতিতে তারা লেখেন, ‘১৫ বছরের সুন্দর জার্নি ছিল আমাদের। আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা অর্জন করেছি। ভরসা, ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। আমরা এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছি। তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’ তবে তাদের এই বিচ্ছেদ কার্যক্রম নাকি অনেক আগে থেকেই শুরু করেছেন তারা। দীর্ঘ সময় দুজন পরিকল্পনা করেই এই পথে হাঁটতে যাচ্ছে এই দম্পতি। এ নিয়ে বিবৃতিতে তারা আরো লিখেছেন, ‘বিচ্ছেদের কার্যক্রম আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। অবশেষে সেটা প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নের চিন্তা করছি। তবে আমরা আলাদা থাকলে আমাদের সম্পর্কের মধ্যে কোনো চির ধরবে না। আমাদের সন্তানের বাবা-মা হিসেবে থাকার পাশাপাশি চলচ্চিত্র, ফাউন্ডেশনসহ অন্যান্য সব কাজ একসঙ্গে করব।’ এছাড়া বিবৃতিতে এই দম্পতি শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের উদ্দেশ্যে আরো লেখেন, ‘পরিবার ও কাছের মানুষগুলোর প্রতি অশেষ কৃতজ্ঞতা। কারণ তারা আমাদের এই পরিণতির ব্যাপারে সহজেই বুঝতে পেরেছেন এবং পাশে থেকেছেন। ভক্তদের বলবো, আমদের জন্য প্রার্থনা করবেন। বিচ্ছেদকে শেষ পরিণতি হিসেবে না দেখে নতুন একটি যাত্রা হিসেবে ভাববেন।’
