মগবাজারে বিস্ফোরণের মামলা তদন্তে সিটিটিসি

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২৩:০৩

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বম্ব ডিসপোজাল ইউনিটকে দেওয়া হয়েছে।

শনিবার (৩ জুলাই) রমনা থানা পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার বুঝে নেন সিটিটিসি। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলার চারদিনেও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় ডিএমপির বিশেষায়িত এ ইউনিটের তদন্তভার দেওয়া হয়।

মগবাজারে বিস্ফোরণ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দে আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বেশ কয়েকজন গুরুতরসহ দুই শতাধিক আহত হন। আহতের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ২৯ জুন রমনা থানায় মামলা দায়ের করে। মামলার তেমন অগ্রগতি না হওয়ায় সিটিটিসিতে তদন্তভার দেওয়া হয়।

 

ইত্তেফাক/ইউবি