টেকনাফে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ০৩ জুলাই ২০২১, ২৩:৩৪

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নে শ্বশুর বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। শনিবার (৩ জুলাই) বিকেলে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান।

নিহত গৃহবধূ শাহিনুর (২০) ওই গ্রামের ছৈয়দ আহমদের স্ত্রী। পরিবারের অভিযোগ তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ছৈয়দ পলাতক রয়েছেন।

টেকনাফে সশস্ত্র রোহিঙ্গারা তুলে নিয়ে হত্যা করলো পল্লী চিকিৎসককে

নিহতের ভাই মো ফারুক জানান, শ্বশুর বাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়ে গেছে। এই খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে খাটের উপর শাহিনুরের মরদেহ দেখতে পাই। এবং তার গলায় রশির চিহ্ন দেখা যায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শাহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআর