সাভারে ট্যানারি শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০০:১৯

সাভারের হেমায়েতপুর বিসিক শিল্প নগরীর ট্যানারি থেকে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) সকালে ট্যানারি ফাঁড়ি পুলিশের সদস্যরা নিহতের মরদেহটি উদ্ধার করেন।  নিহত ট্যানারি শ্রমিকের নাম মাহবুবুর রহমান (৫০)। সে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার মৃত মৌলভী আব্দুর রহমান এর ছেলে। দেনার দায়ে হতাশাগ্রস্থ হয়ে ওই শ্রমিক আত্মহত্যা করে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় এক শ্রমিক জানায়, শনিবার ভোরে তিনি কাজে যোগদান করার সময় জানালা দিয়ে মুক্তি ট্যানারির দ্বিতীয় তলায় জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় মাহবুব রহমানের লাশ দেখতে পান। পরে বিষয়টি ট্যানারির পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ এসে মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সম্প্রতি সেটিও নিলাম হয়ে যাওয়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এর ফলে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সাভার বিসিক শিল্প নগরীর ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ইত্তেফাক/এমএএম