কর প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০০:২০

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত আয় থেকে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, ল্যাব-লাইব্রেরির উন্নয়ন, শিক্ষক নিয়োগ, গবেষণা কার্যক্রম ইত্যাদি পরিচালনা করতে হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উদ্ভূত আয় থেকে কোনো প্রকার অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাগণ গ্রহণ করতে পারেন না। এক্ষেত্রে ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রুগ্ন হয়ে পড়বে এবং এসব প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উন্নয়ন যেমন বাধাগ্রস্ত হবে, পাশাপাশি করের চাপে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়ও বৃদ্ধি পাবে। 

বিবৃতিতে আরো বলা হয়, শিক্ষা খাতকে অতীব গুরুত্বপূর্ণ বিবেচনায় প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষাব্যবস্থার সব স্তরে সরকার বিপুল অংকের ভর্তুকি ও অর্থসহায়তা দিয়ে থাকে। যার ধারাবাহিকতায় সরকারি বিশ্ববিদ্যালয়কে জাতীয় বাজেট থেকে হাজার হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ কোনো প্রকার সরকারি বরাদ্দ বা অনুদান পায় না।