স্বাস্থ্যসেবা কমিটির কর্তৃত্ব নেই, সংসদে বলেও কাজ হয় না

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০০:২১

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি পদে পদাধিকার বলে স্থানীয় সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। তারা সঠিকভাবে কাজ করেন না বলে স্বাস্থ্যসেবার উন্নয়ন হচ্ছে না।’ এই মন্তব্যটি স্বাস্থ্যমন্ত্রীর। তার এ কথাটার কারণে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বাস্তবে স্বাস্থ্যসেবা কমিটিগুলোর কোনো কর্তৃত্ব নেই। গতকাল শনিবার সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের অনুপস্থিতিতে তিনি সমাপনী বক্তব্য রাখেন।

জিএম কাদের বলেন, কমিটিগুলোতে যাদের এভাবে সভাপতি করা হয় তাদের কোনো সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয় না। তারা নিজ উদ্যোগে হাসপাতালের সমস্যা নির্ধারণ করেন এবং সমাধানের চেষ্টা করেন। স্বাস্থ্যসেবা কমিটিগুলোর কোনো কর্তৃত্ব না থাকায় নিয়ম, আইন বা অর্থ বরাদ্দ এমন কিছুই থাকে না যাতে তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন। প্রায় সময় সিদ্ধান্ত বাস্তবে রূপ দিতে মন্ত্রণালয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপ প্রয়োজন পড়ে। ফলে, তাদের প্রধান কাজ হয়—স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরাসরি মন্ত্রীকে খুশি করে কাজটি বাস্তবায়ন করা।

নিজ নির্বাচনি এলাকা লালমনিরহাটের স্বাস্থ্যসেবার দুরবস্থা তুলে ধরে জাপা চেয়ারম্যান অভিযোগ করেন, এসব ক্ষেত্রে বেশির ভাগ সময় সহযোগিতা পাওয়া যায় না। টেলিফোন করলে তারা ধরেন না। আমি স্বাস্থ্যমন্ত্রীকে ছয়-সাতবার টেলিফোন করেছি। উনি টেলিফোন ধরেন না। এরকম ব্যবহার পেয়েছি। পত্র দিলে কোনো উত্তর বা সমাধান মেলে না। সংসদ সদস্যরা অনেকেই তখন বাধ্য হয়ে সমাধানের লক্ষ্যে বিষয়গুলো সংসদে তুলে ধরেন। যদিও এরপর সমাধান তেমন একটা পাওয়া যায় না।