খুলনার ৩ হাসপাতালে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৩:২১

খুলনার তিন হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। 

মৃতদের মধ্যে করোনায় ১৪ জন ও উপসর্গে একজন মারা গেছেন। এদিকে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নতুন করোনা ইউনিটে প্রথম দিনে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।

খুলনা করোনা হাসপাতালে ৭ জনের মৃত্যু

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা ডেডিকেট করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা মহানগরীর দৌলতপুরের বেগম (৫০), খানজাহান আলী রোডের শেখ ওহিদুজ্জামান (৬৮), দোলখোলা এলাকার আনোয়ারা (৬২), সদরের সরদার হায়বাদ আলী (৫৫), বাগেরহাটের ফুনিয়াবাই এলাকার জাহাঙ্গীর (৫২) এবং বাগেরহাটের ডাকবাংলো এলাকার ইলিয়াস ফকির (৬০)। এছাড়া একজন উপসর্গে মারা গেছেন।

বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। যার মধ্যে রেড জোনে ১০২ জন, ইয়ালো জোনে ৫৫জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনা মহানগরীর বানিয়াখামার এলাকার আফতাব হোসেন (৭৬), ডুমুরিয়া উপজেলার চুকনগরের জাকির হোসেন (৫০), গোলনা এলাকার সালেহা বেগম (৬৭), বাগেরহাট চিতলমারী উপজেলার হিজলা এলাকার কাজী আহাদ (২৬), নড়াইল সদর উপজেলার দর্জিপুরের হালিমা (৫৫) ও সদরের গোবরা এলাকার মিঠু বিশ্বাস (৮১)।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৫ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন ও  এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। পিসিআর ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ এসেছে।

খুলনায় করোনায় শনাক্ত ও মৃত্যু হার বেড়েছে

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর টুটপাড়া এলাকার জহুরুল হক(৬৫) ও ডুমুরিয়ার জাহানারা বেগম (৬০)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। তার মধ্যে ৩৩জন পুরুষ ও ৩২ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশচন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে করোনা শনাক্ত হওয়া ২৪ জন রোগী ভর্তি রয়েছে। যারমধ্যে পুরুষ ১১ জন ও নারী ৭জন রয়েছে। প্রথম দিনে কোনো রোগীর মৃত্যু হয়নি।

ইত্তেফাক/জেডএইচডি