বিনোদন রিপোর্ট
অভিনয়ের পাশাপাশি এবার নির্মাণে নাম লেখালেন অভিনেতা নিকুল মন্ডল। ‘নুরুলের শেষের কবিতা’ শিরোনামের একটি নাটক নির্মাণ করলেন তিনি। নাটকটি রচনা করেছেন সাংবাদিক লিমন আহমেদ। নাটকটির গল্প প্রসঙ্গে লিমন আহমেদ জানান, নাটকটিতে এক কবির নীরব প্রেম ও বিরহ ফুটে উঠেছে। যেখানে দেখা যাবে প্রেমিকা কবিতার জন্য প্রেমিক কবি হয়ে ওঠে। প্রেমিকাকে হারানোর শোক বুকে নিয়ে বেড়ায় সে। নাটকটির জন্য একটি গান লিখেছেন এ প্রজন্মের জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। অনুরুদ্ধ সুরের সুর এবং সুমন কল্যাণের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর। নাটক প্রসঙ্গে নিকুল মন্ডল বলেন, ‘এই নাটক দিয়ে আমার পরিচালক হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে। অনেক আবেগ ও প্রত্যাশা মিশে আছে এ কাজটির সঙ্গে। আমি ধন্যবাদ জানাই আমার এ নাটকের সঙ্গে সম্পৃক্ত সবাইকে। খুব ভালো একটি টিম পেয়েছিলাম বলে কোনো বাজে অভিজ্ঞতা ছাড়াই নাটকটির কাজ শেষ করতে পেরেছি। সবার ভালোবাসা নিয়ে পরিচালনায় নিয়মিত হতে চাই।’
নাটকটিতে কবি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে নাজিয়া হক অর্ষাকে। নাটকটিতে আরো অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, মাসুম বাশার, আনন্দ খালেদ, হিল্লোল সরকার, জাহিদ হিমেল, জুয়েল মিয়া প্রমুখ।
