বরিশালে লকডাউনে পুলিশ ও প্রশাসনের নজরদারি চলছে

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:২৭

বরিশাল অফিস

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের চতুর্থ দিনে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোর চেকপোস্টে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কঠোর নজরদারি দেখা গেছে। এছাড়াও বরিশাল জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমাণ আদালত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করে।

গতকাল রবিবার নগরীর প্রবেশদ্বার দক্ষিণে কালিজিরা ও বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট চেকপোস্টে এবং উত্তরে রামপট্টি চেকপোস্টসহ সদর রোড, বাংলা বাজার, আমতলার মোড়, নথুল্লাবাদ, রূপাতলীসহ ৪০টির বেশি চেকপোস্টে নজরদারি থাকায় আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এসব চেকপোস্টে বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার পরিদর্শনকালে নানা নির্দেশনা দেন।

গতকাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি না মানায় ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা, মারুফ দস্তগীর ও লাকী দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।