মুলাদী (বরিশাল) সংবাদদাতা
মুলাদীতে রাস্তা ধসে উপজেলা সদরের সঙ্গে চার ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার রাতে চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজারের দক্ষিণে রাস্তার তিনের দুই অংশ ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ব্যবসায়ী ও রোগীরা বিপাকে পড়েছেন।
জানা গেছে, মুলাদী উপজেলা সদরের সঙ্গে চরকালেখান, সফিপুর, বাটামারা ও নাজিরপুর (একাংশ) ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম সফিপুর-নোমরহাট-গলইভাঙ্গা সড়ক। রাস্তাটি এলজিইডির আওতাধীন।
চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। সোনামদ্দিন বন্দর, বানীমর্দন বাজার, নোমরহাট, ইসলামিয়া বাজার, রহিম বাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা এ সড়ক দিয়ে নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহন করে থাকেন। অসুস্থ রোগীদেরও এই সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হয়। বেশ কিছুদিন আগে সড়কটির চরকালেখান নোমরহাট খালের পাশ দিয়ে ফাটল দেখা দেয়। কেউ সংস্কারের উদ্যোগ না নেওয়ায় শনিবার রাতে রাস্তার এই অংশ ধসে যায়।
চরকালেখান ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ সরদার বলেন, অনেক দিন ধরে সফিপুর-নোমরহাট-গলইভাঙ্গা সড়কের নোমরহাট বাজারসংলগ্ন এলাকায় ফাটল ছিল। অতিবৃষ্টিতে খালে পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় ফাটল অংশ ধসে পড়ে। এতে সড়কে লেগুনা, ইজিবাইক চলাচল বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মুলাদী উপজেলা উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান জানান, রাস্তা ধসে পড়ার বিষয়টি জেনেছি। বিষয়টি বরিশাল নির্বাহী প্রকৌশল অফিসকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
