ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় তরুণীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত যুবক দুখু মিয়া উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামের গঞ্জন মোল্যার ছেলে। তিনি নগরকান্দা বাজারে সাইকেল মেকারের কাজ করেন। রবিবার সকালে তার দোকানের পাশ দিয়ে ঐ তরুণী যাওয়ার সময় দুখু মিয়া কুপ্রস্তাব দেন। তরুণী তখনই অদূরে দায়িত্বরত থানাপুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ দুখুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুখু মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দণ্ডাদেশপ্রাপ্ত দুখু মিয়াকে থানাপুলিশের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
