চুয়াডাঙ্গায় নদীতে ডুবে শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৩০

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষক। নিহত মাইনুর রহমান মুন্না (৩০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের আব্দুল মোমিনের ছেলে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি) পড়াশোনা শেষে সেখানেই প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. রফিকুজ্জামান জানান, শনিবার দুপুরে দুই বন্ধুসহ মাইনুর রহমান মুন্না সিঅ্যান্ডবি ঘাটে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামেন। তারা কেউই সাঁতার জানতেন না। নদীতে পানি বেড়ে যাওয়ায় বেশি স্রোত ছিল। তিন জনই স্রোতে ভেসে যান। বন্ধুরা কোনো রকমে তীরে উঠলেও তলিয়ে যান মুন্না। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাহিনী নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় খুলনা থেকে ডুবুরিরা এসে মুন্নার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সাঁতার না জানায় এক যুবক মাথাভাঙ্গা নদীতে নিখোঁজ হয়েছিল। কয়েক ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।