ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে সোনা মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে সোহাগী রেল স্টেশনের রেলক্রসিং গেটের পূর্ব পাশে ভৈরব থেকে ময়মনসিংহগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। সোনা মিয়ার বাড়ি উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামে। তিনি সোহাগী রেল স্টেশনের পরিত্যক্ত ২ নম্বর লাইনের ওপর বসে নরসুন্দরের কাজ করে জীবিকানির্বাহ করতেন। নিহতের ছেলে জুয়েল মিয়া ও সোহাগী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, সোনা মিয়া শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। যার কারণে ট্রেনের শব্দ না শোনায় তিনি এ দুর্ঘটনার শিকার হন। কিশোরগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক মোহাম্মদ ইউনুস জানান, নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
