লকডাউনে মহাসড়ক ফাঁকা পাড়া-মহল্লায় আড্ডা

আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৩১

ইত্তেফাক ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। তবু স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে অনেক এলাকায়। সংক্রমণরোধে এক সপ্তাহের চলমান লকডাউনের মধ্যেই হাটে-বাজারে ভিড় দেখা যাচ্ছে। প্রথম দুই দিন কঠোর লকডাউন মানলেও নির্দেশনা উপেক্ষা করে কারণে-অকারণে মানুষ অলিতে-গলিতে বের হচ্ছেন। দেখা গেছে, মহাসড়ক ফাঁকা থাকলেও পাড়া-মহল্লায় আড্ডা চলছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

সাতক্ষীরা :অকারণে কেউ বের হলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে জেনেও রাস্তায় মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। শহরের দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও আগের তুলনায় বেশি খোলা রয়েছে। সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। সাতক্ষীরা সদর হাসপতালের মেডিক্যাল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া :মাছের ড্রামের ভেতর লুকিয়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখা গেছে। শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া মোড় থেকে পিকআপ ভ্যান থেকে মাছের ড্রামের ভেতর লুকিয়ে থাকা যাত্রীদের আটক করেন খাটিহাতা হাইওয়ে পুলিশ। পুলিশ জানায়, তারা হবিগঞ্জ থেকে নরসিংদী যাচ্ছিল। এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন ও খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট মো. মাইদুল ইসলাম।

জামালপুর :রবিবার জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষায় ১৯ জন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষায় এক জন এবং জেলা/উপজেলায় রেপিড এন্টিজেন পরীক্ষা টেস্টে ১৪৮টি নমুনা পরীক্ষায় ৩০ জন, মোট ২৫৪টি নমুনা পরীক্ষায় সর্বমোট ৫০ জন শনাক্ত হয়েছে। অপরদিকে মেলান্দহ ও বকসিগঞ্জ উপজেলায় ৫০ ঊর্ধ্ব দুই জন নারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ :সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০৬ জনের। আক্রান্তের  হার ৩২ দশমিক ০৪ ভাগ। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ৩ জনক ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ায় অপর ৩ জনকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে ১৪ জন রোগী চিকিত্সাধীন  রয়েছে।

বান্দরবান :লকডাউনের চতুর্থ দিন রবিবার জেলা সদরে সাপ্তাহিক হাটের দিনে লোকজনের উপস্থিতি ছিল উদ্বেগজনক। রাস্তায় ঘোরাফেরা করা লোকজনদের সতর্ক করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন অপরাধে জরিমানাও করছেন। জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি বলেন, ‘লকডাউনে দায়িত্ব পালনের জন্য ১০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই।’

দিনাজপুর :দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধ করতে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে হবে।’ এদিকে লকডাউন কার্যকর করতে দিনাজপুর জেলা সদরসহ প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বিভিন্ন মোবাইল টিম মাঠে থেকে কাজ করে যাচ্ছে।

বাগেরহাট :বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামণের ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেন।

চাঁদপুর :শনিবার চাঁদপুরে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ হিসেবে আক্রান্তের হার ৩৭.০৩ ভাগ। চাঁদপুর জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এই তথ্য জানিয়েছেন।

সৈয়দপুর (নীলফামারী) :চলমান লকডাউনের প্রথম দুই দিন নীলফামারীর সৈয়দপুরে বেশ কঠোরভাবেই পালিত হয়েছে। তবে নির্দেশনা উপেক্ষা করে কারণে-অকারণে মানুষ শহরের রাস্তায় বের হচ্ছেন। দেখা গেছে, প্রধান সড়কে যান চলাচল বন্ধ। তবে পাড়া-মহল্লায় অবাধে চলছে যানবাহন। পাইকারি বাজার, কাঁচাবাজারসহ পাড়া-মহল্লায় সব ধরনের দোকান-পাটও খোলা। অলি-গলিগুলোতে মানুষের ভিড় বাড়ছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তারা সব সময় মাইকিংসহ টহল দিচ্ছে। এছাড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পাবনার সুজানগর, ঝিনাইদহের কালীগঞ্জ, পঞ্চগড়ের দেবীগঞ্জে, সাতক্ষীরার তালা, বরগুনা (উত্তর), নাটোরের বাগাতিপাড়া ও শরীয়তপুরের ডামুড্যায় লকডাউন চলছে।